জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাছে চীন ও ভারতকে অবশ্যই নিজেদের ব্যাখ্যা করতে হবে বলে মন্তব্য করেছেন কপ২৬ জলবায়ু সম্মেলনের সভাপতি অলোক শর্মা। এই দুই দেশের চাপাচাপিতে পর্যায়ক্রমে কয়লার ব্যবহার কমানোর প্রতিশ্রুতিতে চূড়ান্ত ঘোষণা নেমে আসার পর তিনি এই মন্তব্য করলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক অনুষ্ঠানে একথা বলেন।
তবে কপ২৬ সভাপতি অলোক শর্মা জোর দিয়ে বলেছেন, ঐতিহাসিক এই চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা ১.৫ সেলসিয়াসে রাখার লক্ষ্যমাত্রা অজর্নযোগ্য।
এটিই প্রথম জলবায়ু চুক্তি, যেখানে পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি কয়লার ব্যবহার কমানোর পরিকল্পনা করা হয়েছে।
শর্মা জানান, গ্লাসগোতে স্বাক্ষরিত জলবায়ু চুক্তি ভঙ্গুর জয়। চীন ও ভারতের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, বৈশ্বিক উষ্ণতায় ঝুঁকির মুখে থাকা দেশগুলোর কাছে তাদের নিজেদের অবস্থানের ন্যায্যতা হাজির করার জন্য।
তিনি জানান, চূড়ান্ত চুক্তির বিষয়ে সবার সম্মতি গড়ে তোলার দায়িত্ব ছিল তার।
গ্লাসগো সম্মেলন ব্যর্থ হয়েছে বলে মনে করেন না অলোক শর্মা।