যুক্তরাজ্যে ওমিক্রনের আর-নম্বর ৩ থেকে ৫ হতে পারে: স্বাস্থ্য উপদেষ্টা

যুক্তরাজ্যে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমণের আর-নম্বর (রিপ্রোডাকশন নম্বর) ৩ থেকে ৫ হতে পারে। এক সিনিয়র সরকারি বিজ্ঞানী এই আশঙ্কার কথা জানিয়েছেন। এর অর্থ হলো, ওমিক্রনে আক্রান্ত প্রত্যেক ব্যক্তির কাছ থেকে আরও তিন থেকে পাঁচজন মানুষ আক্রান্ত হচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এখবর জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার প্রধান চিকিৎসা উপদেষ্টা ড. সুসান হপকিন্স হাউস অব কমন্সে’র স্বাস্থ্য কমিটির এমপিদের বলেছেন, যুক্তরাজ্যে ওমিক্রনের আর-নম্বর ৩ থেকে ৫-এর মধ্যে। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। প্রতি দুই দিন অন্তর সংক্রিমের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

খবরে বলা হয়েছে, দেশটিতে ডেল্টা ভ্যারিয়েন্টের আর-নম্বর ১.১ থেকে ১.২ এর মধ্যে রয়েছে বলে ধারণা করা হয়।

শুনানিতে ড. হপকিন্স আরও বলেছেন, বড় দিন ও নিউ ইয়ারের আগে ওমিক্রন সম্পর্কে গ্রহণযোগ্য তথ্য পাওয়া যাবে না। হয়ত জানুয়ারির প্রথম সপ্তাহের আগে পাওয়া যাবে না।

তিনি আরও জানান, যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্ত ১৫ জনের হাসপাতালে চিকিৎসা চলছে। এর ভয়াবহতা ও টিকার কার্যকারিতার বিষয়ে অর্থবহ পর্যালোচনার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার রোগীর ২৫০ হতে হবে।

তিনি জানান, তথ্যের সংযুক্তির জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন তথ্য প্রকাশ করা হবে।

ইংল্যান্ডের চিফ মেডিক্যাল অফিসার অধ্যাপক ক্রিস হুইটি বলেছেন, হাসপাতালে ভর্তির প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এটি প্রমাণিত সংখ্যা। জানুয়ারিতে হাসপাতালে রোগী ভর্তির রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।