ব্রিটিশ-বাংলাদেশি তরুণ ফুটবলার ফারহান আলিকে বাংলাদেশের জন্যু নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি ফুটবলপ্রেমীরা। ইংলিশ ক্লাব ফুলহ্যামের হয়ে আলো ছড়ানো এই ফুটবলার সম্প্রতি জানিয়েছেন, তার প্রধান লক্ষ্য এখন ক্লাবের সিনিয়র দলে জায়গা করে নেওয়া। এই লক্ষ্য পূরণের পরই তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে মনোযোগী হবেন বলে জানিয়েছেন তার বাবা আব্দুল ওয়াহিদ।
তার পুরো নাম ফারহান আলি ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহ্যামের যুব দলে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। মাত্র ১২ বছর বয়সে চেলসি ছেড়ে ফুলহ্যামে যোগ দেওয়া ফারহান এখন ক্লাবের অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-২১ দলের নিয়মিত মুখ।
অসাধারণ গতি, প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার দক্ষতা এবং গোল করার দারুণ ক্ষমতার জন্য তাকে ক্লাবের উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করেন তিনি।
এছাড়া প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষেক ম্যাচেও গোল করার বিরল কৃতিত্ব দেখান।
ফারহানের এমন অসাধারণ পারফরম্যান্স ক্লাবের নজর এড়ায়নি। সম্প্রতি ফুলহ্যামের সাথে তার প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
চুক্তি স্বাক্ষর করে ফারহান বলেন, ‘ফুটবল খেলা শুরু করার পর থেকে আমি এই মুহূর্তটার জন্যই কাজ করছিলাম।’ এ সময় তিনি তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার এই স্বপ্ন পূরণের জন্য পরিবার ‘অনেক ত্যাগ স্বীকার’ করেছে।
যদিও ফারহানের মূল মনোযোগ এখন বিট্রেনের ক্লাব ক্যারিয়ারে। তবে তার বাংলাদেশের সাথে সম্পর্ক এদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ইউরোপের শীর্ষ লিগের প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড়ের জাতীয় দলে খেলার সম্ভাবনা এক রোমাঞ্চকর ভবিষ্যতের ইঙ্গিত দেয়।
তবে তার বাবার কথায় স্পষ্ট যে, ইংল্যান্ডের মতো প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার প্রথম এবং প্রধান লক্ষ্য।
এই ঘটনা বাংলাদেশের মতো জাতীয় দলগুলোর জন্য প্রবাসে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের ধরে রাখার চ্যালেঞ্জকে তুলে ধরে। নিজের ঐতিহ্যের প্রতিনিধিত্ব করার আকর্ষণ থাকা সত্ত্বেও, পেশাদার ক্লাব ফুটবল, বিশেষ করে প্রিমিয়ার লিগের মতো প্রতিযোগিতামূলক লিগের আকর্ষণ প্রায়শই প্রাধান্য পায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিঃসন্দেহে ফারহানের অগ্রগতির দিকে সতর্ক দৃষ্টি রাখবে, এই আশায় যে ভবিষ্যতে কোনও এক সময় তিনি জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেন।