এপস্টেইন ইস্যুতে প্রকাশ্য তদন্তের কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও দেশটিতে তার কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্য তদন্তের সম্ভাবনা খতিয়ে দেখছে ব্রিটিশ সরকার। ভুক্তভোগীবিষয়ক মন্ত্রী অ্যালেক্স ডেভিস-জোনস বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

জুলাইয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া অ্যান্ডি বার্নহ্যাম এপস্টেইনের ভুক্তভোগীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান ডেভিস-জোনস। এরপর একটি প্রকাশ্য তদন্ত শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। কী করা সম্ভব, তা খতিয়ে দেখছি।

এপস্টেইনের মৃত্যুর প্রায় সাত বছর পরও এই কেলেঙ্কারি ব্রিটিশ প্রতিষ্ঠানে বড় ধরনের আলোড়ন তুলেছে। এর জেরে রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর এবং যুক্তরাষ্ট্রে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে গ্রেফতার করা হয়েছে।

ইতোমধ্যে ব্রিটিশ পুলিশ এপস্টেইন-সংশ্লিষ্ট একাধিক অভিযোগের তদন্ত করছে। সম্ভাব্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে শিশু যৌন নির্যাতন, যুক্তরাজ্যের বিমানবন্দর ব্যবহার করে নারী পাচার এবং সরকারি দায়িত্বে অসদাচরণ।

ডেভিস-জোনস জানান, সম্ভাব্য প্রকাশ্য তদন্তে প্রয়াত মিসরীয় ধনকুবের মোহাম্মদ আল-ফায়েদের বিরুদ্ধে ওঠা অভিযোগও অন্তর্ভুক্ত হতে পারে। শত শত ভুক্তভোগী তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন।

সূত্র: রয়টার্স