ইংল্যান্ডের উত্তরাঞ্চলে একটি বন্যপ্রাণী পার্কে বাঘের খাঁচায় ঢুকে পড়া এক ব্যক্তি বাঘের আক্রমণের শিকার হয়ে মারা গেছেন। শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
সাউথ ইয়র্কশায়ার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ডনকাস্টার শহরের কাছে ‘ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে’ বেলা পৌনে দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জরুরি চিকিৎসা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ভুক্তভোগীকে বাঁচানো সম্ভব হয়নি; তিনি ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনা চলাকালে বাঘটি কোনোভাবে আহত হয়নি এবং এটি নিজ খাঁচার ভেতরেই অবস্থান করছিল।
বাঘের আক্রমণের ঘটনার পর পরই নিরাপত্তার স্বার্থে বন্যপ্রাণী পার্কটি থেকে দর্শনার্থীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। পুরো বিষয়টি তদন্তের জন্য শনিবার রাতেও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ঠিক কী ঘটেছিল তা নিশ্চিত হতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।
উল্লেখ্য ২০০৯ সালে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক তাদের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ২০১১ সালে পার্কটিতে চালু করা হয় বিশেষ আকর্ষণ ‘ল্যান্ড অব দ্য টাইগার্স’। সংস্থাটির ওয়েবসাইট অনুযায়ী, বিলুপ্তপ্রায় ‘আমুর বাঘ’ , যা সাইবেরিয়ান বাঘ নামেও পরিচিত, সুরক্ষার জন্য এটি একটি দুই একরের উদ্দেশ্যে নির্মিত বিশেষ রিজার্ভ। এই খাঁচায় ৩০০ মিটারের একটি উঁচু হাঁটার পথ (ওয়াকওয়ে) রয়েছে, যার ওপর থেকে দর্শনার্থীরা বাঘের ঘুরে বেড়ানো বা জলপ্রপাতের পুলে খেলাধুলার দৃশ্য নিরাপদে উপভোগ করতে পারেন।
সূত্র: এপি