ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা থমাস মার্কেলকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনী। শিশু যৌন নিপীড়নসংক্রান্ত ছবি ও ভিডিও রাখার অভিযোগে ফ্লোরিডা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৮২ বছর বয়সী থমাস মার্কেলকে ফ্লোরিডার টাম্পা শহরের কাছ থেকে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
গত মাসে বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন ডাচেস অব সাসেক্স মেগান। তিনি বলেছিলেন, তার বাবার সাবেক বাসায় শিশু যৌন নিপীড়নসংক্রান্ত বেশ কিছু ছবি পাওয়ার অভিযোগে তিনি ‘গভীরভাবে বিচলিত’।
মেগান আরও জানান, ২০১৮ সালে তার বাবার বিরুদ্ধে ‘উদ্বেগজনক অভিযোগ’সংবলিত একটি চিঠি লন্ডনের পুলিশের কাছে পাঠানো হয়েছিল।
দ্য সান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের পর মেগান এ বিষয়ে বিবৃতি দেন। ওই প্রতিবেদনে বলা হয়, মেগানের সৎভাই থমাস মার্কেল জুনিয়র দাবি করেছেন, ফিলিপাইনে তাদের বাবার সাবেক বাসায় তিনি শিশু যৌন নিপীড়নসংক্রান্ত ছবির একটি ভান্ডার খুঁজে পেয়েছিলেন। চলতি সপ্তাহের শুরুর দিকে এই মামলায় তাকে একজন সংশ্লিষ্ট ব্যক্তি বা পারসন অব ইন্টারেস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
অবসরপ্রাপ্ত টেলিভিশন লাইটিং ও ফটোগ্রাফি পরিচালক থমাস মার্কেল প্রিন্স হ্যারি ও মেগানের বিয়েতে উপস্থিত ছিলেন না। বাবা-মেয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও দূরত্বের কারণে তাদের সম্পর্কের অবনতি ঘটে।
মেগান পরে জানিয়েছিলেন, নিজের সন্তানদের সুরক্ষার কথা বিবেচনা করেই তিনি বাবার কাছ থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।