মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উত্তর কোরিয়া সফর বাতিল করলেন ট্রাম্প

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র নির্ধারিত উত্তর কোরিয়া সফর বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে অচিরেই পম্পেওর পিয়ংইয়ং সফরের কোনও সম্ভাবনা নাই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

45217290_303

টুইটারে ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে খুব কম অগ্রগতি হয়েছে। তিনি আরও দাবি করেন, এক্ষেত্রে চীন যথেষ্ট চাপ প্রয়োগ করছে না যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনার কারণে।

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া বিষয়ক নতুন নিয়োগ প্রাপ্ত দূতকে নিয়ে পিয়ংইয়ং সফরের কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর।  নতুন দূত স্টিফেন বেইজুন ফোর্ডের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পম্পেওর এটা চতুর্থ সফর হতো। তবে উত্তর কোরীয় নেতার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল না।

জুনে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পর যদিও ট্রাম্প দাবি করেছিলেন, পিয়ংইয়ং আর কোনও পারমাণবিক হুমকি না। কিন্তু এরপর বেশ কিছু খবর প্রকাশিত হয় যাতে প্রমাণিত হয়, কিমের দেশ পারমাণবিক স্থাপনা ধ্বংসে ব্যর্থ হয়েছে।

সম্প্রতি অজ্ঞাত একজন মার্কিন কর্মকর্তা হুঁশিয়ারি জানান যে, উত্তর কোরিয়া নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে। জাতিসংঘের পারমাণবিক এজেন্সিও জানিয়েছে, দেশটির তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে।