সৌদিবিরোধী অবস্থানে চিন্তিত মার্কিন অস্ত্র নির্মাতারা

সাংবাদিক জামাল খাশোগির অন্তর্ধান ও সম্ভাব্য হত্যার পেছেনে সৌদি আরবের হাত থাকার সন্দেহে বাড়ছে সমালোচনা। মার্কিন আইনপ্রনেতারাও সরব হয়েছেন সত্য উদ্ঘাটনের দাবিতে। এমন অবস্থায় চিন্তিত হয়ে পড়েছে মার্কিন অস্ত্র নির্মাতারা। খাশোগিকে যদি হত্যা করা হয়ে থাকে তাহলে তার দায়ে মার্কিন আইনপ্রণেতারা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে নিষিদ্ধ করতে পারেন।  শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে দেশটির অস্ত্র নির্মাতারা।s1.reutersmedia.net

গত ২ অক্টোবর দুপুরে তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন খাশোগি। এরপর থেকে আর তাকে দেখা যায়নি। তুরস্কের তদন্তকারীরা বলছেন, সৌদি আরবের ১৫ জন এজেন্ট কনস্যুলেটের ভেতরেই খাশোগিকে হত্যা করেছে । তুর্কি আরব মিডিয়া এসোসিয়েশনের প্রধান তুরান কিসলাকসি একটি সূত্রের বরাত দিয়ে দাবি করেছেন, খাশোগিকে হত্যা করে তার লাশ টুকরো টুকরো করে ফেলা হয়েছে। সৌদি আরব এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে, কনস্যুলেটে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই তিনি বের হয়ে গেছেন।

খাশোগি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রবল সমালোচক ছিলেন। সৌদি আরবের এ রাজনৈতিক ভাষ্যকার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে লেখা তার নিবন্ধে সৌদি জোটের কাতারবিরোধী অবরোধের কঠোর সমালোচনা করতেন। মানবাধিকার প্রসঙ্গে সমালোচনা করায় কানাডার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল সৌদি আরব। আর তখন সৌদির সমালোচনায় কলম ধরেছিলেন খাশোগি। সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে,তিনি মোহাম্মদ খালেদ খাশোগির দৌহিত্র। খালেদ খাশোগি দেশটির সাবেক বাদশাহ আব্দুল আজিজ আল সৌদের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন।

রয়টার্স লিখেছে, লকহিড মার্টিন ও রেথন সৌদি আরবের কাছে বিক্রির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকা অস্ত্র নির্মাতা। এমনিতেই ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চলমান যুদ্ধে নির্বিচার বোমা বর্ষণ ও সেই সূত্রে শিশুসহ বেসামরিক নাগরিকদের মৃত্যুতে সৌদি আরবের ওপর ক্ষুব্ধ মার্কিন আইনপ্রণেতারা। ইয়েমেন প্রসঙ্গেই সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অন্তত চারটি প্রক্রিয়া আটকে দিয়েছিলেন তারা। এখন খাশোগির অন্তর্ধান বা তার সম্ভাব্য মৃত্যুর প্রেক্ষিতে তারা আরও কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

অস্ত্র নির্মাতাদের পক্ষে কাজ করা একজন তদবিরকারী বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসের নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা সম্প্রতি প্রবল হয়ে উঠেছে। ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছেন, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির কোনও প্রস্তাবনা অনুমোদনের জন্য আসলেই তা বাতিল করার প্রস্তাব করবেন তিনি।

সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বব কোরকার বলেছেন, খাশোগির ঘটনাটির আগেই অস্ত্র নির্মাতাদের তিনি বলে দিয়েছিলেন, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে তদবির না করতে। আর এখন তো খাশোগির কেসটিও সামনে রয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির প্রক্রিয়া বেশ কিছু দিন স্থগিত থাবে বলেই মনে করেন তিনি।