৬০ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দিন দেখলো শিকাগো

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভের মধ্যেই ৬০ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দিন প্রত্যক্ষ করেছে শিকাগো। ৩১ মে ২৪ ঘণ্টার ভেতরে সেখানে নিহত হয়েছে ১৮ জন। ইউনিভার্সিটি অব শিকাগো ক্রাইম ল্যাবের তথ্য অনুসারে, মে মাসের শেষ সপ্তাহে টানা তিনদিনের ছুটিতে গুলিবিদ্ধ হয়েছেন ৮৫ জন এবং মৃত্যু হয়েছে ২৪ জনের। বেশিরভাগ নিহত কৃষ্ণাঙ্গ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_112817442_gettyimages-1216502196

শিকাগো সান-টাইমস জানিয়েছে, নিহত ও গুলিবিদ্ধদের মধ্যে শিক্ষার্থী, অভিভাবক ও মাঝ বয়সী শ্রমিক রয়েছে। শিকাগো ক্রাইম ল্যাবের সিনিয়র গবেষণা পরিচালক ম্যাক্স কাপুস্টিন বলেন, এমন কিছু আমরা কখনও দেখিনি। ক্রাইম ল্যাবের তথ্যে ১৯৬১ সাল পর্যন্ত তুলনা করা হয়েছে। আমি জানি না কীভাবে পরিস্থিতি তুলে ধর। এমন কিছু অতীতে দেখা যায়নি।

তিনি মনে করেন, ২৫ মে পুলিশি হেফাজতে ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভের কারণে হয়ত শিকাগো পুলিশ ডিপার্টমেন্টের মনোযোগ সাধারণ টহলে ছিল না।

ক্রাইম ল্যাবের তথ্য অনুসারে, শিকাগোর দ্বিতীয় ভয়াবহ প্রাণঘাতী দিন ছিল ১৯৯১ সালের ৪ আগস্ট। ওই দিন ১৩ জন নিহত হয়েছিলেন।

শিকাগোর মেয়র লরি লাইটফুট জানান, ৩১ শহরের জরুরি সেবায় ৬৫ হাজার ফোন কল এসেছিল। সাধারণত দিনে গড়ে ৫০ হাজার কল আসে।

পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে অপ্রত্যাশিত মাত্রার অপরাধ কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে। পুলিশ শহরজুড়ে অনেক ঘটনা তদন্ত করছে এবং এসব হত্যাকাণ্ডের মোটিভ খুঁজছে।

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের হার সবচেয়ে বেশি থাকা শিকাগোতে সম্প্রতি তা কমে এসেছে। ১৯০০ দশকের দিকে প্রতি বছর ৯ শতাধিক হত্যাকাণ্ড ঘটতো। ২০১৮ সালে শহরটিতে ৫৬১টি হত্যাকাণ্ড ঘটেছে। যুক্তরাষ্ট্রের দুটি বৃহত্তম শহর নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলসের সম্মিলিত সংখ্যার চেয়ে তা ছিল বেশি। ২০১৯ সালে হত্যার ঘটনা ঘটেছে ৪৯২টি।