যুক্তরাষ্ট্রে পুলিশের পরপর সাতটি গুলিতে ‘পক্ষাঘাতগ্রস্ত’ হয়ে পড়া কৃষাঙ্গ জ্যাকব ব্লেক হাসপাতালের বিছানা থেকে আদালতে হাজিরা দিয়েছেন। আদালতে হাজিরা দিয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এখবর জানা গেছে।
২৩ আগস্ট উইসকিনসনের কেনোসায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে পক্ষাঘাতগ্রস্ত জ্যাকব ব্লেক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ তাকে পেছন থেকে ৭টি গুলি করেছিল। জ্যাকব আবার হাঁটতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কেনোসায় তুমুল বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলতে থাকে।
জুলাইয়ে বিরুদ্ধে দায়ের করা অভিযোগে আদালতে হাজিরা দেন জ্যাকব। এই অভিযোগের সঙ্গে ২৩ আগস্টে পুলিশের গুলির কোনও সম্পর্ক নেই। আগামী বছর এই মামলার বিচার শুরু হবে।
মে মাসে এক নারীকে যৌন হামলার অভিযোগ আনা হয়েছে জ্যাকবের বিরুদ্ধে। ওই নারী পুলিশ কর্মকর্তাদের বলেছেন, জ্যাকব তার গাড়ির চাবি ও ডেবিট কার্ড ছিনিয়ে নেন। পরে ওই নারী সেখান থেকে পালিয়ে যান।
কেনোসা কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের মতে, ২৩ আগস্টের গুলির ঘটনার সময় এই মামলায় পলাতক ছিলেন জ্যাকব।
শুক্রবার হাসপাতালের বিছানা থেকে জুম অ্যাপের মাধ্যমে আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন জ্যাকব। তবে স্থানীয় কমিশনার সিদ্ধান্ত নিয়েছেন, পর্যাপ্ত প্রমাণ থাকায় মামলাটির বিচার হবে।