ক্লিনিক্যাল ট্রায়ালের সবগুলো ধাপ সম্পূর্ণ করে সুরক্ষা ও কার্যকারিতার বিষয়ে নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত করোনাভাইরাসের টিকা অনুমোদন না দিতে সরকারগুলোর প্রতি আহ্বান জানাতে যাচ্ছে তিনটি মার্কিন ওষুধ কোম্পানি। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জানিয়েছে, এই লক্ষ্যে ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার মতো কোভিড টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি একটি যৌথ বিবৃতি দিতে যাচ্ছে।
খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে এই বিবৃতি প্রকাশ করা হতে পারে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা নিশ্চিত করেছেন। তাদের বক্তব্য, তিন দফার ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত পর্বের পরীক্ষা-নিরীক্ষায় পাস করলেই পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে এই কোভিড টিকাগুলো শতভাগ নিরাপদ ও কার্যকরী কি না। তা না হলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি।
তারা আরও জানান, তাই যত তাড়াতাড়ি সম্ভব দেশে দেশে কোভিড টিকা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও সেগুলি উৎপাদনের যে উদ্যোগ শুরু হয়েছে, তা যাতে অবিবেচকের সিদ্ধান্তে পর্যবসিত না হয়, সে জন্য ওই যৌথ বিবৃতি দেওয়ার কথা ভেবেছে ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও মডার্না।
সংস্থাগুলির বক্তব্য, বিভিন্ন দেশে কোভিড টিকা উদ্ভাবনের প্রয়াসে যেনও সর্বাধিক গুরুত্ব পায় বৈজ্ঞানিক সততা, নিষ্ঠা ও টিকার গুণমান বজায় রাখার জন্য একনিষ্ঠতা।
কোভিড টিকা তৈরি হয়েই গিয়েছে ভেবে উৎপাদনের জন্য যেনও এখনই বিভিন্ন দেশের সরকারের কাছে অনুমোদনের আগাম আবেদন না জানিয়ে বসে ওষুধ ও টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি, বিবৃতিতে এই আহ্বান জানানো হতে পারে। কারণ, যে কোম্পানিগুলোর উদ্ভাবিত কোভিড টিকা সবচেয়ে আগে বাজারে আসার দৌড়ে এগিয়ে রয়েছে, সেগুলি এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত পর্বের পরীক্ষায় পুরোপুরি সমাপ্ত হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ৩ নভেম্বরের নির্বাচনের আগেই করোনা টিকা বাজারে আনতে ব্যস্ত হয়ে পড়েছে। ট্রাম্প এই মর্মে ঘোষণাও দিয়েছেন। তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সেই ভোট বৈতরণী পার হতেই কোভিড টিকা তড়িঘড়ি বাজারে এনে ফেলতে চাইছেন ট্রাম্প।
ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার মতো কোভিড টিকা প্রস্তুতকারক কোম্পানিগুলোর কর্মকর্তাদের মতে, এতে হিতে বিপরীত হতে পারে। ওই সব কোভিড টিকা পুরোপুরি নিরাপদ না-ও হতে পারে। যাদের সেই সব টিকা দেওয়া হবে তারা নানা ধরনের পার্শ্ব-প্রতিক্রিয়ার শিকার হতে পারেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে এই অভিযোগ স্বীকার করা হয়নি। প্রেস সেক্রেটারি কেলেই ম্যাককানি বলেছেন, বাজারে তড়িঘড়ি কোভিড টিকা নিয়ে আসার জন্য ওষুধ ও টিকা প্রস্তুতকারক সংস্থাগুলোর উপর কোনও রাজনৈতিক চাপ দেওয়া হয়নি।
এখন পর্যন্ত করোনার টিকা উদ্ভাবনে এগিয়ে রয়েছে আস্ট্রাজেনেকা, ফাইজার ও মডার্না। এই কোম্পানিগুলোর টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের সর্বশেষ ধাপে রয়েছে।
এই বিবৃতির বিষয়ে ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের মন্তব্য নিতে চেষ্টা করেও সফল হয়নি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।