হোয়াইট হাউজের আরেক কর্মীকে কামড়ে দিলো বাইডেনের কুকুর

ডেলাওয়ারে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসার পর হোয়াইট হাউজের আরেক কর্মীকে কামড় বসিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর মেজর। এ মাসের শুরুতে অপর এক জনকে কামড় দেওয়ার পর তাকে প্রশিক্ষণে পাঠানো হয়। ফার্স্ট লেডি জিল বাইডেনের এক মুখপাত্র জানিয়েছেন ‘সতর্ক থাকার পরও’ কুকুরের কামড় খাওয়া ব্যক্তিটি চিকিৎসা নিয়ে কাজে যোগ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রেসিডেন্ট জো বাইডেনের দুটি পোষা জার্মান শেফার্ড কুকুর রয়েছে। এর মধ্যে ছোটটির নাম ‘মেজর’ আর বড়টির নাম চ্যাম্প। হোয়াইট হাউজে অবস্থানকারী প্রথম উদ্ধারকারী কুকুর মেজর। বাইডেন এটিকে ‘সুইট ডগ’ বলে অভিহিত করে থাকেন।

সোমবারের ঘটনা প্রসঙ্গে জিল বাইডেনের মুখপাত্র মাইকেল লারোসা বলেন, ‘মেজর এখনও নতুন পরিপার্শ্বের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে আর হাঁটতে গিয়ে একজনকে কামড়ে দিয়েছে।’ সিএনএন’র খবরে বলা হয়েছে, হোয়াইট হাউজের সাউথ লনে ন্যাশনাল পার্ক সার্ভিসের একজন কর্মীকে কামড় দিয়েছে মেজর। ওই কর্মীকে কাজ বন্ধ রেখে  চিকিৎসা নিতে হয়েছে। তবে এই বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন’র আহ্বানে সাড়া দেয়নি ন্যাশনাল পার্ক সার্ভিস।

মেজর ও চ্যাম্প দুটিই বাইডেনের কুকুর। গত ৮ মার্চ মেজর প্রথম একজনকে কামড় দেওয়ার পর দুটিকেই বাইডেনের নিজ বাড়ি ডেলাওয়ারের উইলমিংটনে পাঠানো হয়। ওই সময়ে সিএনএন জানায় হোয়াইট হাউজের কর্মী এবং নিরাপত্তা রক্ষীদের দেখলেই মেজর লাফালাফি এবং ডাকাডাকি শুরু করে দিতো।   

বাইডেন তিন বছর বয়সী মেজরকে ২০১৮ সাল থেকে পালতে শুরু করেছেন। প্রাণী আশ্রয়কেন্দ্র থেকে হোয়াইট হাউসে বাস করতে আসা প্রথম কুকুর মেজর। বাইডেনের আরেক কুকুর চ্যাম্পের বয়স ১৩ বছর। বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময়ে সেটি আরও ছোট বয়সে হোয়াইট হাউজ ঘুরে গেছে।