বিশ্বে প্রথমবারের মতো আলঝেইমার বা মস্তিষ্কের স্মৃতিভ্রংশ রোগের ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ প্রায় ২০ বছর পরীক্ষা চালানোর পর সোমবার ওষুধটির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএ। অ্যাডুকেনুম্যাব নামের ওষুধটি উদ্ভাবন করেছে মার্কিন প্রতিষ্ঠান বায়োজেন।
ওষুধটির অনুমোদন নিয়ে উচ্চাশা থাকলেও বরাবরই এর পিছু নিয়েছে বিতর্ক। আলঝেইমার রোগে যথাযথভাবে কাজ না করায় ২০১৯ সালের মার্চে এর ট্রায়াল স্থগিত করা হয়েছিল। মস্তিষ্কের রোগ প্রতিরোধের তুলনায় ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়ার মাত্রা নিয়েও সমালোচনার মুখে পড়ে বায়োজেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে অবশেষে আলঝেইমার রোগের চিকিৎসার জন্য ওষুধটির অনুমোদন দেয় এফডিএ। তবে পরীক্ষার ফলাফল নিয়ে অনিশ্চয়তার কারণে এর সম্ভাব্য প্রভাবের ব্যাপারে এখনও বিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে।
এফডিএ-র এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই ওষুধটি মস্তিষ্কে অ্যালঝেইমার সৃষ্টিকারী এক ধরনের প্রোটিন হ্রাস করতে সক্ষম। ওষুধটি অনুমোদনের মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মেডিক্যাল দাতব্য সংস্থাগুলো।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে প্রায় ১০ হাজার মানুষের আলঝেইমারের মৃদু উপসর্গ রয়েছে। ফলে দেশটিতে এটি অনুমোদন পেলে এসব রোগীদের চিকিৎসায় একটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে।