বাড়ি বানাতে গাছ কাটায় ১৫ লাখ টাকা জরিমানা

বাড়ি বানাতে গিয়ে বিলুপ্তপ্রায় প্রজাতির কয়েকটি গাছ কেটে ফেলে জরিমানা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক যুগল। কর্মকর্তারা জানিয়েছেন, অঙ্গরাজ্যটিতে বিপজ্জনক তালিকায় থাকায় জোসুয়া গাছ কেটে ফেলায় জেফরি ওয়াল্টার এবং জোনেটা নর্ডবার্গকে ১৮ হাজার ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ১৫ লাখ ২৭ হাজারেরও বেশি।

ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডগলাস পোস্টন জানিয়েছেন, সান বার্নাডিনো কাউন্টির বাসিন্দা ওই যুগল মামলা লড়তে কোনও আইনজীবী নিয়োগ দেননি। পোস্টন জানান, ওই যুগল ভুল করে ভেবেছিলেন ছোট আকারের গাছ কাটা যেতে পারে।

ক্যালিফোর্নিয়ার মাছ ও বন্যপ্রাণী বিভাগ জানিয়েছে, জোসুয়া গাছ সরানো, এক জায়গা থেকে অন্য স্থানে লাগানো এবং কেটে ফেলা বেআইনি। মরু এলাকার কাঁটাওয়ালা গাছটি প্রায় ৪০ ফুট উঁচু হতে পারে। আর এদের গড় আয়ু প্রায় দেড়শ বছর।

গত ফেব্রুয়ারিতে এক প্রতিবেশি ওই যুগলের কাছ কাটার তথ্য বন্যপ্রাণী বিভাগকে জানায়। পরে এক কর্মকর্তা ঘটনাস্থলে গেলেও সেখানে কোনও গাছ দেখতে পায়নি। পরে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় সদ্য কেটে ফেলা গাছ দেখতে পান তারা।

ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডগলাস পোস্টন জানিয়েছেন, প্রাথমিকভাবে দায় অস্বীকারের চেষ্টা করলেও পরে তদন্তে সহায়তা করেন ওই যুগল।  

সূত্র: সিএনএন