যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ভবনে বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাত শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। আরও দুই জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিনির্বাপন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটিতে চারটি স্মোক ডিটেক্টর ছিল। কিন্তু একটিও কাজ করেনি।
শহরের ফেয়ারমাউন্ট পাড়ার একটি তিনতলা রো-হাউসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। অগ্নিনির্বাপন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে তারা দ্বিতীয় তলার জানালা থেকে আগুনের শিখা দেখতে পান। এক ঘণ্টারও কম সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ধোঁয়ায় কালো হয়ে যাওয়া বাড়িটির সামনের দিকে সিঁড়ি লাগানো হয়েছে।
স্থানীয় মেয়র জিম কেনি বলেছেন, ‘এতোগুলি শিশুকে হারানো বিপর্যয়কর। এই শিশুদের আপনার প্রার্থনায় রাখুন।’