পুতিনকে ক্ষমতাচ্যুত করার বক্তব্য থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার বর্তমান শাসন ব্যবস্থায় পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনও পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তার এই বক্তব্যের আগেই প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং পুতিন আর ক্ষমতায় থাকতে পারেন না।’

জেরুজালেমে সফরে রবিবার (২৭ মার্চ) সাংবাদিকদের ব্লিংকেন বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট গত রাতে এই বিষয়টি তুলে ধরেছেন খুব সহজভাবে, প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ শুরু করা কিংবা ইউক্রেন বা অন্য কারও ওপর আগ্রাসন চালানোর ক্ষমতা দেওয়া যাবে না।  

ইউক্রেন যুদ্ধে জড়ানো রাশিয়ার কৌশলগত ভুল ছিল বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডে দুই দিন সফর শেষে শনিবার এ কথা বলেন তিনি। পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে ইউক্রেনের দুই মন্ত্রী এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ন্যাটো জোটের মিত্রদের মধ্যে বিভক্তির আশা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তা না হওয়ায় রুশ প্রেসিডেন্ট অবাক হয়েছেন।’

সূত্র: রয়টার্স।