ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় রাজি হননি হ্যারিস

ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে আলোচনা করতে রাজি হননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বুধবার ফিলিস্তিনিপন্থি কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় মার্কিন নীতি পরিবর্তনে চাপের মুখে পড়েন হ্যারিস। বুধবার (৭ আগস্ট) ডেট্রয়টে নির্বাচনি প্রচারণার সময়  ওই কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে হ্যারিসের এক সহকারী বৃহস্পতিবার জানিয়েছেন, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী অস্ত্র নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করার ইচ্ছে প্রকাশ করেন নি।

তবে তার প্রচারণা শিবিরের এক মুখপাত্র বলেছেন, কমলা মুসলিম ও ফিলিস্তিনি সম্প্রদায়ের সদস্যদের বলেছিলেন যে, ইসরায়েল-হামাস যুদ্ধে তাদের পাশেই রয়েছেন তিনি।

ভাইস প্রেসিডেন্ট যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করছেন বলে জানিয়েছেন তিনি।

দ্য আনকমিটেড ন্যাশনাল মুভমেন্ট বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার বিষয়ে তাদের উদ্বেগের মধ্যেই গাজায় যুদ্ধ চলছে।

এই গোষ্ঠীর দুই প্রতিষ্ঠাতা, লায়লা এলাবেদ এবং আব্বাস আলাউইহ বলেছেন, তারা দুজনেই ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি নিয়ে আলোচনা করতে একটি বৈঠক আয়োজনে হ্যারিসের প্রতি আহ্বান জানিয়েছেন।