নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দ্বিতীয় টিভি বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ সেপ্টেম্বর) নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আরেকটি বিতর্কের জন্য অনেক দেরি হয়ে গেছে। কারণ এরই মধ্যে ভোট শুরু হয়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
তবে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আগামী ২৩ অক্টোবর সিএনএন আয়োজিত বিতর্কটির আমন্ত্রণ গ্রহণ করেছেন।
হ্যারিসের প্রচারণা দল বলেছে, ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরেকবার বিতর্কে অংশে নেওয়ার জন্য প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। কিন্তু গত শুক্রবার থেকে কোনও কোনও রাজ্যে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে।
১০ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিতর্কে জয়ের দাবি করা ট্রাম্পের উচিত ছিল এই বিতর্কে অংশ নেওয়া। ওই বিতর্কের পরে হওয়া তাৎক্ষণিক জরিপে দেখা গেছে, অধিকাংশ দর্শক বিশ্বাস করেন ভাইস প্রেসিডেন্ট তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ছিলেন।
তবে ওই বিতর্কের পর ট্রাম্প বলেছিলেন, আর কোনো বিতর্ক হবে না। শনিবারের জনসভায় বক্তব্য রাখতে গিয়েও আগের বিতর্কে জয়ের দাবি করেন ট্রাম্প। বলেন, কমলা নতুন করে বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করছেন কারণ আগেরবার তিনি বড় ব্যবধানে হেরেছেন।
এক বিবৃতিতে হ্যারিস-ওয়ালজ প্রচারণার চেয়ার জেন ও'ম্যালি ডিলন বলেছেন, নভেম্বরের নির্বাচনের আগে হ্যারিস ও ট্রাম্পের বিতর্ক দেখার জন্য আমেরিকানদের আরেকটি সুযোগ প্রাপ্য।
তিনি বলেন, আধুনিক ইতিহাসে এটা নজিরবিহীন হবে যদি মাত্র একটি বিতর্ক হয়। বিতর্কে প্রার্থীদের একসাথে দেখার এবং আমেরিকার জন্য ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করতে ভোটারদেরকে অনন্য সুযোগ দেয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হ্যারিস বলেছেন, তিনি আনন্দের সাথে বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আশা করছেন ট্রাম্পও অংশগ্রহণ করবেন।
সিএনএন বলেছিল যে সম্ভাব্য বিতর্কটি সেই একই ফরম্যাটে হবে, যেমনটি তারা জুন মাসে ট্রাম্প এবং প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে আয়োজন করেছিল।
ওই বিতর্কে বাইডেনকে ধরাশায়ী করেন ট্রাম্প। আর তারপরই বাইডেনের দুর্বল পারফরম্যান্স দেখে অনেক ডেমোক্র্যাট তার প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন তোলেন। কয়েক সপ্তাহ পর প্রার্থী না হওয়ার ঘোষণা দেন বাইডেন। এতে হ্যারিসের প্রার্থী হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়।