রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) ঘোষণা করেছে যে, যদি আদালত ট্রাম্প প্রশাসনের তহবিল বন্ধের সিদ্ধান্ত প্রতিরোধ না করে, তবে এপ্রিলের শেষ নাগাদ এর সম্প্রচার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। শুক্রবার (২৮ মার্চ) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে আরএফএ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ট্রাম্প প্রশাসনের অর্থায়ন বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে রেডিওটি। সেই সঙ্গে সরকারি তহবিল বাতিল রোধে একটি জরুরি আবেদনও দায়ের করেছে, যাতে কংগ্রেস কর্তৃক বরাদ্দকৃত তহবিলের প্রবেশাধিকার নিশ্চিত করা যায়।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এই আবেদন আরএফএ-এর কার্যক্রম, এর সুনাম এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কিছু স্থানে রিপোর্টিং করা সাংবাদিকদের নিরাপত্তার ওপর অপরিবর্তনীয় ক্ষতির বিষয়টি তুলে ধরেছে।
আদালতের হস্তক্ষেপ ছাড়া আরএফএ এপ্রিলের শেষের দিকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
আরএফএ জানিয়েছে, তারা ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্রভিত্তিক ৭৫% কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। ৯০% এরও বেশি ফ্রিল্যান্স সাংবাদিকের কার্যক্রম স্থগিত করেছে।
১৯৯৬ সাল থেকে সংস্থাটি এশিয়াজুড়ে সম্প্রচার চালিয়ে আসছে। অধিকারকর্মীরা বলেন, এর বহু ভাষাভাষী সাংবাদিকরা স্বৈরতান্ত্রিক দেশগুলোতে নির্ভরযোগ্য সংবাদ সরবরাহ করেন এবং চীনের উইঘুর মুসলমানদের মতো নিপীড়িত সংখ্যালঘুদের দুর্দশা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন।
আরএফএ প্রতি সপ্তাহে ৬ কোটি লোকের কাছে পৌঁছায়।