ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের ব্যয় মেটাতে প্রায় ৮০ বিলিয়ন (৮ হাজার কোটি) ডলার প্রয়োজন বলে সিনেটরদের জানিয়েছে পেন্টাগন। এই অর্থের বেশিরভাগই ইরান যুদ্ধের খরচ বহনের জন্য প্রয়োজন হবে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বড় ধরনের সামরিক ব্যয় বৃদ্ধির চেষ্টা করছেন, তাতে আরও অর্থ যোগ হতে যাচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই ঘটনাটি সামনে এনেছে। তবে হোয়াইট হাউজের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট এখনও এ বিষয়ে মার্কিন কংগ্রেসে কোনও আনুষ্ঠানিক অনুরোধ বা প্রস্তাব পাঠায়নি।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার সন্ধ্যাসহ সাম্প্রতিক সময়ে ক্যাপিটল হিলে বেশ কয়েকবার যাতায়াত ও আলোচনা করেছেন। পরিস্থিতি সম্পর্কে অবগত কিন্তু প্রকাশ্যে এ নিয়ে কথা বলার অনুমতি নেই এমন দুই ব্যক্তির বরাত দিয়ে জানা গেছে, গত সপ্তাহে একজন শীর্ষ উপমন্ত্রী সিনেটরদের কাছে ইরানের জন্য এই অর্থায়নের অনুরোধের বিষয়টি জানান।