বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের এমন একটি জাতীয় উদ্যান রয়েছে, যেখানে প্রবেশ করতে দেশটির নিজস্ব নাগরিকদেরও বৈধ পরিচয়পত্র দেখাতে হয়। প্রত্যন্ত এই অঞ্চলের আকাশ এতটাই পরিষ্কার যে, সেখান থেকে খালি চোখে মিল্কিওয়ে বা ছায়াপথ স্পষ্টভাবে দেখা যায়। হাওয়াই থেকে ৪ হাজার ১৮৪ কিলোমিটার দূরে অবস্থিত এই ‘ন্যাশনাল পার্ক অব আমেরিকান সামোয়া’ তিনটি দ্বীপ জুড়ে বিস্তৃত, যেখানে পৌঁছাতে পর্যটকদের একাধিক ফ্লাইট পরিবর্তন করতে হয়।
গ্রীষ্মমণ্ডলীয় এই প্রাকৃতিক বিস্ময় পরিদর্শনে ইচ্ছুক ভ্রমণকারীদের জন্য যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর বা ডিপার্টমেন্ট অব দ্য ইন্টেরিয়র নির্দিষ্ট কিছু নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, তারা যে মার্কিন নাগরিক- তা প্রমাণ করার জন্য তাদের বৈধ জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট প্রদর্শন করা বাধ্যতামূলক।
সীমিত যাতায়াত ব্যবস্থার কারণে আমেরিকান সামোয়ার এই জাতীয় উদ্যানে পৌঁছানো বেশ কঠিন। পর্যটকদের প্রথমে তুতুইলা দ্বীপের পাগোপাগো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে হয়; সেখান থেকে তা'উ এবং ওফু দ্বীপে যাওয়ার জন্য কানেক্টিং ফ্লাইট পাওয়া যায়। ফলে ভ্রমণের সময় সব প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা অত্যন্ত জরুরি।
সূত্র: উইয়ন নিউজ