ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের পক্ষে দেশটির প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ১০৩ জন ডেমোক্র্যাট সদস্য ভোট দিয়েছেন। বুধবার (১৬ জুলাই) প্রতিনিধি পরিষদে মোট ২১২ জন ডেমোক্র্যাট সদস্যের মধ্যে ১০৩ জনই এই বিলের পক্ষে ভোট দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এই ভোটকে ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লেখেন, রেকর্ড সংখ্যক ডেমোক্র্যাট এই সংশোধনীর পক্ষে ভোট দিয়েছেন কারণ লাখ লাখ মানুষ কথা বলেছেন, সংগঠিত হয়েছেন এবং নীরব থাকতে অস্বীকৃতি জানিয়েছেন। আমাদের আন্দোলন পরিবর্তন নিয়ে আসছে। আপনারা সংগঠিত হতে থাকুন, শক্তি বাড়াতে থাকুন।
আরেক কংগ্রেস সদস্য সামার লি এই ভোটকে ‘দলের ভেতরের একটি পরিবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি মন্তব্য করেছেন, ‘ইসরায়েলের গণহত্যায় জ্বালানি জোগাতে যেকোনও ধরনের সহায়তা পাঠানোর বিষয়টি কংগ্রেসের কোনও সদস্যের পক্ষে যৌক্তিক মনে করাটা এখনও বিবেকহীন কাজ।