ট্রাম্প-হেগসেথের সম্পর্কে ‘ফাটল’, যা জানালো হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের মিসাইল বা ক্ষেপণাস্ত্রের ঘাটতি নিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাম্প ডেভিডের এক বৈঠকে প্রশ্ন বাণে বিদ্ধ করেছেন বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট-এর ওই প্রতিবেদনকে সরাসরি ‘ফেক নিউজ’ বা ভুয়া খবর বলে অভিহিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দূরপাল্লার নির্দেশিত ক্ষেপণাস্ত্র বা লং-রেঞ্জ গাইডেড মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের ঘাটতি নিয়ে তাকে কেন বিভ্রান্ত করা হয়েছিল, সে বিষয়ে হেগসেথের কাছে জবাব চান ট্রাম্প। এমনকি মজুত কমে যাওয়ার এই সংকটের কারণেই ট্রাম্প ইরানের ওপর নতুন করে বড় ধরনের আক্রমণ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে ট্রাম্প ও হেগসেথের মধ্যকার সেই বৈঠকে উপস্থিত ছিলেন দাবি করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এই প্রতিবেদনটিকে পুরোপুরি অসত্য বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, বাস্তবে এমন কোনও ঘটনাই ঘটেনি এবং আমরা বারবার ওয়াশিংটন পোস্টকে বিষয়টি জানিয়েছি।

ট্রাম্প ও হেগসেথের চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে লিভিট আরও বলেন, প্রেসিডেন্ট তার প্রতিরক্ষামন্ত্রীকে পছন্দ করেন এবং মনে করেন যে তিনি অসাধারণ কাজ করছেন।

সূত্র: আল জাজিরা