হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ইরানের সঙ্গে এখনও কোনও সমঝোতায় পৌঁছানো যায়নি, তবে খুব শিগগিরই এমন একটি চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
ট্রাম্প বলেন, আমরা খুব ভালো করছি। আলোচনায় আমি নিজেই যুক্ত আছি। পরিস্থিতি ইতিবাচক এবং খুব শিগগিরই চুক্তি হতে পারে। তবে চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ বহাল থাকবে বলে জানান তিনি।
এর আগে, মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীদের কাছ থেকে হরমুজ প্রণালি খোলার চুক্তির আশ্বাস পেয়ে গত শনিবার ইরানের জ্বালানি কেন্দ্রগুলোতে পরিকল্পিত বড় ধরনের হামলা স্থগিত করেন ট্রাম্প। এরপর পর্যায়ক্রমে সোমবার তিনি মঙ্গলবার চুক্তি হতে পারে বলে দাবি করেন এবং মঙ্গলবার সাংবাদিকদের জানান বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে চুক্তি সই হতে পারে।
ইরানের প্রতি সামরিক চাপ ও অবরোধ সহ্য করার ক্ষমতার প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, আমার মনে হয় এই যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। তারা আর বেশিদিন এটি চালিয়ে যেতে পারবে বলে মনে হয় না।