ইরান যুদ্ধের কারণে তীব্র অস্ত্রসংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে নিজস্ব প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও সরবরাহের গতি দ্রুত জোরদার করতে মার্কিন অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে জরুরি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
দ্য ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ গত বুধবার দেশটির অস্ত্র শিল্পের প্রধানদের কাছে পাঠানো এক স্মারকে এ নির্দেশনা জারি করেন। গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা বৃদ্ধি ও সরবরাহ জোরদারে দ্রুত পরিকল্পনা জমা দিতে প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ২১ দিন সময় দেওয়া হয়েছে।
স্মারকে স্টিভ ফেইনবার্গ বলেন, বছরব্যাপী দীর্ঘ উন্নয়ন প্রক্রিয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি কারখানাগুলোকে তাদের উৎপাদন সক্ষমতা এবং সময়সূচি নাটকীয়ভাবে ত্বরান্বিত করার জোরালো দাবি জানান।
এদিকে, মার্কিন মিসাইল ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধকের মজুত ফুরিয়ে যাওয়া নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট এমন খবর প্রকাশিত হয়েছিল। তবে গত বৃহস্পতিবার ট্রাম্প ওই খবরটি অস্বীকার করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত মাসের শেষের দিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বৃদ্ধি স্থগিত রাখার বিষয়ে ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে যে আলোচনা করেছিলেন, তার অন্যতম প্রধান বিষয় ছিল এই মিসাইল ইন্টারসেপ্টরের ঘাটতি।