শিক্ষা সফরে হিজাব পরতে চাপ দেওয়ার অভিযোগ, মার্কিন স্কুলের বিরুদ্ধে মামলা

ক্যালিফোর্নিয়ার পালো আল্টো হাই স্কুলের শিক্ষার্থীদের একটি শিক্ষা সফরে মসজিদে নিয়ে যাওয়ার পর সেখানে তাদেরকে হিজাব পরতে বাধ্য করা এবং কোরআন দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একদল অভিভাবক। নিউ ইয়র্ক পোস্টের বরাতে এ তথ্য জানা গেছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সফরটি স্কুলের ‘সোশ্যাল জাস্টিস পাথওয়ে’ কর্মসূচির অংশ ছিল, যেখানে ইসলামকে সামাজিক কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়। মামলায় বাদী হওয়া অভিভাবকরা জানিয়েছেন, শিক্ষা সফরে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ইহুদি, হিন্দু ও জরোস্ট্রিয়ান ধর্মের শিক্ষার্থীরা ছিল।

‘প্লেনটিফ কমিউনিটি মেম্বারস ফর রিলিজিয়াস নিউট্রালিটি ইন পাবলিক স্কুলস’ নামের একটি দল এই আইনি পদক্ষেপ নিয়েছে। এতে পালো আল্টো ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এবং হাই স্কুলের প্রধান শিক্ষককেও বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষা সফরে অংশ নেওয়া শিক্ষার্থীরা কাউন্সিল অব আমেরিকান-ইসলামিক রিলেশন্সের (সিএআইআর) জাহরা বিলুর সঙ্গেও সাক্ষাৎ করে। জানা গেছে, জাহরা বিলুর বিরুদ্ধে ‘জায়নবাদীদের’ বিষয়ে অতীতে বিভিন্ন উগ্র মন্তব্য করার রেকর্ড রয়েছে।

এদিকে এই বিচারাধীন মামলার বিষয়ে নির্দিষ্ট কোনও মন্তব্য করতে চাননি বিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা। তবে সান ফ্রান্সিসকো ক্রনিকলকে তিনি জানান, স্কুল ডিস্ট্রিক্টের নিজস্ব নীতিমালা অনুযায়ী ধর্ম সংক্রান্ত যেকোনও পাঠ বা বিষয়বস্তু অবশ্যই নিরপেক্ষ, প্রাতিষ্ঠানিক ও উপাসনামুক্ত হতে হবে।