চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের ঠিক কয়েক ঘণ্টা আগে ‘বার্থ ট্যুরিজমে’ জড়িতদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ির ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক বিবৃতিতে রুবিও বলেন, যারা জেনেশুনে ‘বার্থ ট্যুরিজমে’ জড়িত, আগে জড়িত ছিলেন বা এ ধরনের কর্মকাণ্ডে সহায়তা করেন, তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করা হবে। এর আওতায় ‘বার্থ ট্যুরিজম’ শিল্পে কাজ করা অ-মার্কিন নাগরিক, ভিসা আবেদনকারীদের প্রতারণা করতে প্রশিক্ষণ দেওয়া মধ্যস্থতাকারী এবং বাণিজ্যিক ‘বার্থ ট্যুরিজমে’ সহায়তা, উৎসাহ বা সুযোগ করে দেওয়া ব্যক্তিরাও থাকবেন।
রুবিও বলেন, মার্কিন নাগরিকত্বের অখণ্ডতা রক্ষা, মার্কিন সরকারি সুবিধা ও করদাতাদের শোষণ থেকে সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসন তাদের হাতে থাকা সব উপায় ব্যবহার করছে।
ট্রাম্প প্রশাসন ‘বার্থ ট্যুরিজমের’ বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এটি ট্রাম্পের অভিবাসন নীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি।
বার্থ ট্যুরিজম কী?
‘বার্থ ট্যুরিজম’ হলো সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার প্রক্রিয়া। সাংবিধানিকভাবে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান থাকায় যুক্তরাষ্ট্র ও কানাডা এ ধরনের ভ্রমণের জনপ্রিয় গন্তব্য।
বিদেশের মাটিতে সন্তান জন্ম দেওয়া নিজে বেআইনি নয়। তবে গর্ভবতী নারীরা ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য গোপন করতে বা গর্ভাবস্থার শেষ পর্যায় সম্পর্কে অভিবাসন কর্মকর্তাদের কাছে মিথ্যা তথ্য দিলে তা ভিসা প্রতারণা হিসেবে গণ্য হয়।
এ ধরনের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন দেশের সরকার ক্রমেই কঠোর নজরদারি করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ‘বার্থ ট্যুরিজমকে’ বি-১/বি-২ ভিজিটর ভিসার অনুমোদিত ব্যবহারের বাইরে বলে শ্রেণিবদ্ধ করে। বাণিজ্যিক ‘বার্থ ট্যুরিজম’ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভিসা বিধিনিষেধ কঠোর করা হয়েছে।
এ ক্ষেত্রে চীনও মার্কিন কেন্দ্রীয় সংস্থাগুলোর বিশেষ নজরে রয়েছে। চীনা নাগরিকদের প্রধানত সেবা দেওয়া বড় পরিসরের কয়েকটি ‘বার্থ ট্যুরিজম’ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চীনা নাগরিকেরা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের বিভিন্ন ক্লিনিক এবং যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ অব নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের অন্তর্ভুক্ত সাইপানে গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
সূত্র: উইয়ন নিউজ