নিষেধাজ্ঞার চাপে সেনাদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে ইরান: যুক্তরাষ্ট্র

ইরানের ওপর নিষেধাজ্ঞার চাপ বাড়ানোর ফলে দেশটির অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি বলেন, অর্থের লেনদেন চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে তেহরান। এমনকি নিজেদের সেনাদের বেতন দিতেও ব্যর্থ হচ্ছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় ইরানের শাসকগোষ্ঠী একের পর এক অর্থনৈতিক সহায়তার পথ হারাচ্ছে। একই সঙ্গে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোও চাপে পড়ছে।

তিনি আরও বলেন, অর্থ স্থানান্তরের ক্ষেত্রে তেহরানকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে নিজেদের সেনাদের বেতন পরিশোধ করতেও ব্যর্থ হচ্ছে আইআরজিসি।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি বলেন, ওয়াশিংটন হুথি, হামাস ও হিজবুল্লাহকে অর্থায়নের ক্ষেত্রে ইরানের সক্ষমতা কমিয়ে দিচ্ছে। তেহরানকে কোনোভাবেই তাদের ‘সন্ত্রাসী প্রচারণা’র অর্থায়ন চালিয়ে যেতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।