যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ৩৬ বছরের মধ্যে অঙ্গরাজ্যটিতে হামজনিত মৃত্যুর এটিই প্রথম ঘটনা বলে বৃহস্পতিবার জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
মৃত শিশুটি অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দা। তবে পরিবারের গোপনীয়তা রক্ষার স্বার্থে মৃত্যুর স্থান বা এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি উইসকনসিনের স্বাস্থ্যসেবা বিভাগ। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, করোনার (মৃত্যু তদন্ত কর্মকর্তা) প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে হাম উল্লেখ করা হয়েছে।
অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের সচিব কার্স্টেন জনসন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, পরিবারটির জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে। কোনও শিশুর মৃত্যু মর্মান্তিক। আর সেটি যখন টিকা দিয়ে প্রতিরোধযোগ্য একটি রোগের কারণে ঘটে, তখন তা আরও বেশি বেদনাদায়ক।
যুক্তরাষ্ট্রে ২০০০ সালে স্থানীয়ভাবে হামের সংক্রমণ বন্ধ ঘোষণা করা হয়েছিল। উচ্চ হারে টিকাদান নিশ্চিত করার মাধ্যমে দেশটিতে রোগটির স্থানীয় বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার কমেছে। হামের মতো ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে যে ৯৫ শতাংশ টিকাদান কভারেজ প্রয়োজন, বর্তমানে তা নিচে নেমে গেছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) চলতি বছর দেশটিতে হামের সঙ্গে সংশ্লিষ্ট চারটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে। তবে বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্যে মৃত্যুর সংখ্যা আরও বেশি। শুধু পেনসিলভানিয়াতেই চলতি বছর হামে পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। সেখানে আরও একজনের মৃত্যু হামের কারণে হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার পর্যন্ত উইসকনসিনে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩১ জনে। আক্রান্তদের মধ্যে তিনজন ছাড়া বাকি সবাই টিকা নেননি। এ ছাড়া হাম নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে নয়জনকে।