মেক্সিকোর কাছে ১১টি ইউএইচ-৬০এম ব্ল্যাক হক হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। এ বিক্রির আনুমানিক মূল্য ১০৭ কোটি ৫০ লাখ ডলার। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর এ অনুমোদনের তথ্য জানিয়েছে।
মেক্সিকো সরকারের অনুরোধে প্রস্তাবিত এ বিক্রির আওতায় ১১টি হেলিকপ্টারের পাশাপাশি ২৭টি করে টি৭০০-জিই-৭০১ডি ইঞ্জিন, এমবেডেড গ্লোবাল পজিশনিং সিস্টেম ও ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম এবং যোগাযোগের রেডিও সরঞ্জাম থাকবে। এ ছাড়া নাইট ভিশন গগলস, রাডার, মেশিনগান, উদ্ধারকাজের সরঞ্জাম, অতিরিক্ত যন্ত্রাংশ, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাও প্যাকেজের অন্তর্ভুক্ত।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ভাষ্য, এই বিক্রি উত্তর আমেরিকায় রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখা মিত্রদেশ মেক্সিকোর নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। পাশাপাশি দেশটির হেলিকপ্টার বহরের আধুনিকায়ন এবং বিভিন্ন ধরনের হেলিকপ্টারের ব্যবহার কমিয়ে ইউএইচ-৬০এম বহর সম্প্রসারণের মাধ্যমে কার্যকারিতা বাড়বে।
প্রস্তাবিত বিক্রি মাদকবিরোধী অভিযানে নিয়োজিত মেক্সিকোর বাহিনীর অভ্যন্তরীণ আকাশপথে পরিবহন সক্ষমতাও বাড়াবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, এসব সরঞ্জাম ও সেবা মেক্সিকোর সশস্ত্র বাহিনীর ব্যবহারে যুক্ত করতে দেশটির কোনো অসুবিধা হবে না।
এ বিক্রির প্রধান ঠিকাদার যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের স্ট্র্যাটফোর্ডে অবস্থিত লকহিড মার্টিনের প্রতিষ্ঠান সিকোরস্কি। এ সম্ভাব্য বিক্রির সঙ্গে কোনও অফসেট চুক্তির প্রস্তাব সম্পর্কে এখন পর্যন্ত অবগত নয় যুক্তরাষ্ট্র সরকার। ক্রেতা ও ঠিকাদারের মধ্যে আলোচনার মাধ্যমে এ ধরনের চুক্তি নির্ধারিত হবে।
প্রস্তাবটি বাস্তবায়নে সরঞ্জাম প্রস্তুত করা, সরবরাহ, সিস্টেম পরীক্ষা, প্রশিক্ষণ এবং কারিগরি ও লজিস্টিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্র সরকারের বা ঠিকাদারি প্রতিষ্ঠানের অতিরিক্ত ১৫ জন প্রতিনিধিকে দীর্ঘ সময়ের জন্য মেক্সিকোতে যেতে হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, এ বিক্রির ফলে আঞ্চলিক সামরিক ভারসাম্যে মৌলিক কোনও পরিবর্তন হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতির ওপরও এর কোনো বিরূপ প্রভাব পড়বে না।
সূত্র: ইউ.এস. ডিপার্টমেন্ট অব স্টেট