ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের দ্বারস্থ হচ্ছেন ট্রাম্প

ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করতে চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে দুই নেতার সঙ্গে তার বৈঠক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, একটি বৈঠক হবে প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শির সঙ্গে। আর তা বেশ রোমাঞ্চকর হবে’।

তিনি আরও বলেন, আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণসহ অনেক বিষয়ে কথা বলব। তবে আমরা অনেক কিছু নিয়েই আলোচনা করবো। আমরা ইরান যুদ্ধ শেষ করার চেষ্টা করছি এবং আমরা ভালোভাবেই এগোচ্ছি, কারণ আপনারা জানেন, আমাদের যা করতে হচ্ছে- আমরা এটিকে চেপে ধরছি।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের স্থল সরবরাহ রুটগুলোকে ব্যাহত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন আয়রন গেট’ বর্তমানে কার্যকর রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, এর অর্থ হলো স্থলপথে কিছুই প্রবেশ করতে পারছে না। আর আপনারা জানেন, নৌ অবরোধের কারণে জলপথ দিয়েও কিছু আসছে না।