ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে বিশ্বকে সুরক্ষিত রাখতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, যুদ্ধ শুরুর সিদ্ধান্তটি হয়তো জনপ্রিয় ছিল না, তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে তা প্রয়োজনীয় ছিল। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য মূলত ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন। এ বিষয়ে জানতে চাইলে রুবিও সাংবাদিকদের বলেন, ট্রাম্প ইরানে একটি ‘বাস্তব হুমকি’ চিহ্নিত করেছিলেন এবং দেশটির পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা থামাতে পদক্ষেপ নিয়েছিলেন।
ফ্লোরিডায় প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ট্রাম্প বিষয়টি মোকাবিলা করেছেন। যদিও অনেক সময় দেশের জন্য সঠিক কাজটি করা, যা আমাদের নিরাপত্তার স্বার্থে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করে- তা জনপ্রিয় নাও হতে পারে। কিন্তু সেটি প্রয়োজনীয়।
রুবিও স্বীকার করেন, ইরানকে নিয়ে আলোচনা বা সমঝোতার অগ্রগতি হচ্ছে না। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাহাজ চলাচল কিংবা এ অঞ্চলে আমাদের সেনাদের জন্য যদি স্পষ্ট ও তাৎক্ষণিক কোনও হুমকি তৈরি হয়, তাহলে আত্মরক্ষার অধিকার আমাদের রয়েছে।