যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা করছে ইরান। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে উদ্ধৃত সূত্রগুলো বলেছে, গোয়েন্দা তথ্যে তাৎক্ষণিক কোনও হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে হামলার সিদ্ধান্ত নিলে যাতে বিকল্প ব্যবস্থা থাকে, সে জন্য সম্ভাব্য পরিকল্পনা তৈরি করছে ইরান। এসব পরিকল্পনায় সম্ভাব্য হামলার স্থান ও লক্ষ্যবস্তু সম্পর্কে অত্যন্ত বিস্তারিত তথ্য রয়েছে বলে জানা গেছে। এ কারণে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
সিএনএনকে একটি সূত্র বলেছে, হামলা বাস্তবায়নের জন্য ইরানের প্রয়োজনীয় লোকবল ইতোমধ্যে নির্দিষ্ট স্থানে মোতায়েন রয়েছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। আরেকটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ লুকিয়ে রাখার বিষয়ে ইরানের বক্তব্য দেশটির গোয়েন্দারা আড়ি পেতে জানতে পেরেছেন।
সিএনএন জানিয়েছে, গোয়েন্দা তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। তবে তারা মোটামুটি একমত যে, যুক্তরাষ্ট্রের ভেতরে পারমাণবিক বা রাসায়নিক উপাদান লুকিয়ে রাখা তেহরানের পক্ষে খুবই সহজ এবং এমনটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এসব উপাদান প্রচলিত বিস্ফোরকের সঙ্গে যুক্ত করে তথাকথিত ‘ডার্টি বোমা’ তৈরি করা সম্ভব।
একটি সূত্রের ভাষ্য, এ ধরনের অস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার জন্য নয়, বরং আতঙ্ক ছড়ানোর অস্ত্র। আত্মঘাতী বোমা হামলাকারীর মতোই এটি কাজ করতে পারে। এর মাধ্যমে মানুষকে গুরুতর অসুস্থ করে তোলা এবং নির্দিষ্ট এলাকাকে বসবাসের অনুপযোগী করে ফেলা সম্ভব।
সূত্র: টাইমস অব ইসরায়েল