তলানিতে স্বর্ণের দাম, এক বছরের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং আগামী মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশায় বিশ্ববাজারে স্বর্ণের দাম চাপের মুখে রয়েছে। মঙ্গলবারও স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত ছিল। আগের দিন এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল মূল্যবান এই ধাতুর দাম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩ হাজার ৮৬৯ দশমিক ১৩ ডলার। সোমবার ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় স্বর্ণের দাম। তবে ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৮৭২ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, আগামী বছর যুক্তরাষ্ট্রের ফেডের মুদ্রানীতি নিয়ে প্রত্যাশা এবং দেশটিতে সুদের হার কতটা বাড়তে পারে, তা বোঝার চেষ্টা থেকেই স্বর্ণের বাজারে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আগের রাতে স্বর্ণের দামে বড় ধরনের দরপতনও এরই প্রতিফলন।

বিশ্লেষকদের মতে, স্বর্ণের দামের ওঠানামার সঙ্গে রুপার বাজারও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। রুপার নিজস্ব চাহিদার ভিত্তি দুর্বল থাকায় এর দামে টেকসই পুনরুদ্ধার অনেকটাই স্বর্ণের বাজারের ঘুরে দাঁড়ানোর ওপর নির্ভর করবে।

এদিকে আগের কার্যদিবসে ২০২৫ সালের অক্টোবরের শেষ দিকের পর সর্বনিম্ন পর্যায়ে নামার পর মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৭ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৪৭২ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ৯৭৮ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে।