চীনে কিমের সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

চীনে এ সপ্তাহে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বৈঠক হলে দুই নেতার মধ্যে পরমাণু কূটনীতি নিয়ে ব্যর্থ প্রচেষ্টা আবারও শুরুর সম্ভাবনা তৈরি হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

সোমবার হোয়াইট হাউস থেকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। তিনি জানান, কিমের সঙ্গে আলোচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এপেকের আয়োজক দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

ট্রাম্প বলেন, ‘শি এখানে আছেন। আমরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বৈঠক করবো। কিম জং উনের সঙ্গেও দেখা হতে পারে। তাহলে ভালোই হবে। অনেক কিছু অর্জনের সুযোগ রয়েছে আমাদের’।

তিনি আরও বলেন, কিম আসতে পারেন। আমি জানি না। বিষয়টি প্রেসিডেন্ট শির ওপর নির্ভর করছে।

ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া। তবে এপেক সম্মেলনে যোগ দিতে কিমের চীনের শেনজেনে উপস্থিত হওয়া অস্বাভাবিক কিছু হবে না। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তার বৈঠকের সুযোগ তৈরি হতে পারে।