ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক কেলি। সামরিক অভিযানের লক্ষ্য, হামলার সিদ্ধান্ত এবং অস্ত্রের পেছনে ব্যয় করা বিপুল অর্থের হিসাব চেয়েছেন তিনি। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যারিজোনার এই সিনেটর বলেন, ‘এই ব্যর্থ সংঘাতের জন্য জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন’।
সাবেক নৌবাহিনীর পাইলট কেলি বর্তমানে সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা কমিটির সদস্য। তিনি প্রশ্ন তুলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান কোনও সুনির্দিষ্ট কৌশলগত লক্ষ্য সামনে রেখে পরিচালিত হয়েছে, নাকি দেশটির ওপর সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানোই ছিল এর উদ্দেশ্য।
কেলি বলেন, ‘আমি হামলার লক্ষ্যবস্তুর তালিকা দেখতে চাই’। কোন কর্তৃপক্ষ হামলার অনুমোদন দিয়েছে এবং অস্ত্রের পেছনে কয়েক হাজার কোটি ডলার ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে, তা খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি।