ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান আরও আগ্রাসী হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির বড় জয়ের পর ইরান আরও আগ্রাসী হয়ে উঠেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, গত এক সপ্তাহে ইরান এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এসব হামলা প্রতিহত করা হয়েছে এবং এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান হামলা আরও বাড়াবে বলে তিনি আগেই ধারণা করেছিলেন। বাস্তবেও তেমনটি ঘটেছে। তিনি জানান, গত এক সপ্তাহে ইরান এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, সবগুলোই ভূপাতিত করা হয়েছে এবং কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে সেপ্টেম্বরে ট্রাম্প দাবি করেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে।

সাম্প্রতিক পোস্টে তিনি বলেন, ইরানের নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী বলে মনে করেন। তবে তিনি তা হতে দেবেন না। ট্রাম্প আরও দাবি করেন, ডেমোক্র্যাট ও ইরান- উভয় পক্ষই যতটা সম্ভব দীর্ঘ সময় তেলের দাম চড়া রাখতে জোর চেষ্টা চালিয়েছে। কিন্তু নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণ কমেছে।

মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের এ বিষয়টি আগে বোঝা উচিত ছিল মন্তব্য করে ট্রাম্প বলেন, পুরো নির্বাচনই ছিল খুব অদ্ভুত। তবে নির্বাচনের ফল নিয়ে সন্দেহ প্রকাশ করলেও এ বিষয়ে কোনও প্রমাণ দেননি তিনি।

পোস্টের শেষে ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল