২০২৭ সালের শুরুতে ইরানে আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের

ইরানের সঙ্গে বছরের শেষ নাগাদ কোনও চুক্তি না হলে দেশটিতে আবারও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ট্রাম্প জানান, নতুন বছর অর্থাৎ ২০২৭ সালের শুরুর আগে চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আরেক দফা সামরিক অভিযান চালানোর পক্ষেই তার ঝোঁক রয়েছে।

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্প একাধিকবার দেশটিতে নতুন করে হামলার হুমকি দিয়েছেন। এবারের বক্তব্যও সেই ধারাবাহিকতার অংশ।

টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্যের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ না করলেও ফক্স নিউজ জানিয়েছে, তিনি আরও বলেছেন যে তার কাছে গ্রহণযোগ্য এমন কোনও চুক্তিতে পৌঁছানোর আগ্রহ দেখানোর লক্ষণ ইরানের মধ্যে দেখা যাচ্ছে না।