সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী শিক্ষাবর্ষে মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে প্রশ্নপত্র ফাঁসের কোনও সুযোগ নেই।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটি চক্র সবসময় ভর্তি পরীক্ষার আগে সাজেশন বিক্রির অজুহাতে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের কারসাজি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। দেশের কোমলমতি শিক্ষার্থী ও নিরীহ অভিভাবকরা তাদের কারণে বিভ্রান্তিতে পড়েন। বেশ কয়েকটি ভর্তি কোচিং সেন্টারও এ ধরনের জালিয়াতিতে জড়িত।’ এসব কোচিং সেন্টার ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
মোহাম্মদ নাসিম বলেন, ‘ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি চক্র প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করে। এবার এরকম ঘটনা ঘটলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ মন্ত্রী গত বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজবের কথা তুলে ধরে বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করতে অতীতে গুজব ছড়ানো হয়েছে, যা পরবর্তী সময়ে আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং ভিত্তিহীন প্রমাণিত হয়।’
মন্ত্রী জানান, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে এ বছর সরকার আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। পরীক্ষা তত্ত্বাবধানে গঠিত ওভারসাইট কমিটিতে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, সাংবাদিক গোলাম সারওয়ার, কলামিস্ট ও মানবাধিকার ব্যক্তিত্ব সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক নাইমুল ইসলাম খান, আবদুল কাইয়ুম, মঞ্জুরুল ইসলাম বুলবুলের মতো ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষাপদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৭ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ বছর এমবিবিএস-এ আসন সংখ্যা সরকারি কলেজে তিন হাজার ২১২ ও বেসরকারি কলেজে ছয় হাজার ২০৫টি। পরীক্ষার্থী সংখ্যা ৯০ হাজার ৪২৬।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
/জেএ/এআরএল/
আরও পড়ুন: