আগামী এপ্রিলে ভুটানে হবে অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

সংগৃহীত
আগামী এপ্রিলে ভুটানে অনুষ্ঠিত হবে অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর আগ্রহ প্রকাশ করেছে ভুটান সরকার। শিগগিরই সেদেশ থেকে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সোনম টি রাবগি।

বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করতে এসে রাবগি এ আগ্রহের কথা জানান।

আগামী ১৯ থেকে ২১ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে এই সম্মেলন হওয়ার কথা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধে সংস্থাটির মানসিক স্বাস্থ্য বিষয়ক অ্যাডভাইজরি কমিটির সদস্য এবং বাংলাদেশের অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন এই সম্মেলনের উদ্যোগ নিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ ও ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সূচনা ফাউন্ডেশন যৌথভাবে সম্মেলন আয়োজন করবে।

সম্মেলন সফল করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সর্বাত্মক সহায়তা দেবে বলে আশ্বাস দিয়েছেন মোহাম্মদ নাসিম। সাক্ষাৎকালে ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশের মেডিক্যাল কলেজগুলোতে তাদের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়ানোর প্রস্তাব দেন। প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী ভুটানকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের পথে ভুটানের অবদান এদেশের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।’ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে স্বাস্থ্যমন্ত্রী ও ভুটানের রাষ্ট্রদূত ঐকমত্য পোষণ করেন।

/এসআই/এআরএল/

আরও পড়ুন: 

অনুমোদনহীন ‘গো ব্রডব্যান্ড’ চালুর দায়ে জরিমানা হচ্ছে গ্রামীণফোনের