এমডিজি অর্জনে কমিউনিটি ক্লিনিকের ব্যাপক অবদান রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

 

মোহাম্মদ নাসিমকমিউনিটি ক্লিনিকের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।  তিনি বলেন, ‘এমডিজি ৪ ও ৫ অর্জনে বাংলাদেশের সাফল্যের নেপথ্যে কমিউনিটি ক্লিনিকের ব্যাপক অবদান রয়েছে। বিশেষ করে গ্রামের মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে এই ক্লিনিকগুলো যথেষ্ট ভূমিকা পালন করেছে। রবিবার সচিবালয়ে কমিউনিটি ক্লিনিকের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সভায় জানানো হয়, সারাদেশের গ্রাম পর্যায়ে ১৩ হাজার ৩৬৯টি ক্লিনিকের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৫৮ কোটি ভিজিটর স্বাস্থ্য সেবা লাভ করেছেন, যাদের মধ্যে ৮০ শতাংশই নারী ও শিশু। প্রতিদিন প্রায় ৩৮ জন একটি ক্লিনিক থেকে সেবা নিচ্ছেন। এসব ক্লিনিকে আসা প্রায় ৯৫ লাখ রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী  বলেন,  কমিউনিটি ক্লিনিকের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সমস্যা সমাধানে আন্তরিক। সরকার সিএইচসিপিদের (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) ইন্টারনেট সমৃদ্ধ ল্যাপটপ দিয়েছে। যেন গ্রামের স্বাস্থ্যতথ্য প্রযুক্তির মাধ্যমে সংরক্ষিত করার সুযোগ হয়। 

/জেএ/এমএনএইচ/