তৌফা ও তহুরা ভালো আছে, আগামী ১৬ আগস্ট তাদের সেলাই কাটার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন তাদের চিকিৎসক ডা. শাহনূর ইসলাম। রবিবার বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনূর ইসলামের অধীনে ভর্তি আছে তৌফা ও তহুরা।
গত কয়েকদিন কিছু জটিলতা থাকলেও এখন তারা অনেকটাই স্বাভাবিক জানিয়ে তিনি আরও বলেন, ‘আজ সকালেও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ওদের দেখে গিয়েছেন, তারাও একই মত দিয়েছেন। কিন্তু মায়ের কোলে করে একেবারে বাড়ি না ফেরা পর্যন্ত ওদেরকে আমরা ঝুঁকিমুক্ত বলছি না।’
এদিকে, তৌফা ও তহুরার এবারের অস্ত্রোপচারই শেষ নয় জানিয়ে শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুদুটির আরও কয়েকটি অস্ত্রোপচার লাগবে, তবে সেটা এখনই নয়। আরেকটু সুস্থ হোক-সময় যাক। তারপর আমরা অস্ত্রোপচার সম্পন্ন করবো।’
প্রসঙ্গত, গত ১ আগস্ট পেছন দিকে জোড়া লাগানো ১০ মাস বয়সী শিশু তৌফা ও তহুরাকে পৃথক করেন চিকিৎসকরা। তারা যেভাবে জোড়া লেগে জন্মগ্রহণ করেছিল চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে পাইগোপেগাস বলা হয়। এ রকমের শিশু পৃথক করার ঘটনা বাংলাদেশে এই প্রথম বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: গম্ভীর তৌফা, হাসিমুখ তহুরার
/জেএ/এমও/