আব্বাস শেখের বিরল রোগের নাম ‘ওয়াইল্ড সিনড্রোম’

আব্বাস শেখের বিরল রোগটির নাম ‘ওয়াইল্ড সিনড্রোম’মাদারীপুরের কিশোর আব্বাস শেখ যে বিরল রোগে ভুগছে, সারাবিশ্বে সেই রোগে আক্রান্ত আর মাত্র দুই জন রোগী পাওয়া গেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে দীর্ঘ দেড় মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তারা জানিয়েছেন, রোগটির নাম ‘ওয়াইল্ড সিনড্রোম (WILD SYNDROME–Warts, Immunodeficiency, Lymphoedema, Ano-genital Dysplasia)’। রবিবার (১ এপ্রিল) এ কথা জানিয়েছেন আব্বাসের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য এবং ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ খোন্দকার। রোগ শনাক্ত হওয়ায় এখন দ্রুতই আব্বাসের জন্য কার্যকর চিকিৎসার ব্যবস্থাও করা যাবে বলে আশাবাদ জানান তিনি।
ডা. সাজ্জাদ খোন্দকার বলেন, আব্বাস শেখের রোগ শনাক্ত করতে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের চিকিৎসকরা দীর্ঘ দেড় মাস বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তাদের সব পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গেছে, আব্বাস শেখ ‘ওয়াইল্ড সিনড্রোম’ রোগে আক্রান্ত। সারাবিশ্বে আব্বাস শেখসহ মাত্র তিন জন রোগী পাওয়া গেছে, যারা এই রোগটিতে আক্রান্ত হয়েছে।
আব্বাস শেখের সুচিকিৎসার আশাবাদ জানিয়ে ডা. সিরাজুল বলেন, এখন দ্রুত তার (আব্বাস শেখ) চিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারব। সিঙ্গাপুরের সাত জন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের ঢামেক বার্ন ইউনিটে সার্জারির ওপর চিকিৎসকদের প্রশিক্ষণ দেবেন। সিঙ্গাপুরের চিকিৎসক দলের প্রধান ডা. সিজে, আব্বাস শেখকে আগামীকাল (সোমবার) তার কাছে দেখানো হবে। আশা করছি, আব্বাস শেখের চিকিৎসা আরও অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে।
এর আগে, গত ২১ ফেব্রুয়ারি আব্বাস শেখকে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এম এ বাকীর অধীনে সে চিকিৎসাধীন রয়েছে। ভর্তির পর থেকেই তার রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। শনিবার (৩১ মার্চ) এ সংক্রান্ত মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। সেই বোর্ডের কাছে আব্বাসের সব ধরনের শারীরিক পরীক্ষার ফল তুলে ধরা হয়। সেই ফল বিশ্লেষণ করেই বোর্ড জানিয়েছে বিরল ‘ওয়াইল্ড সিনড্রোম’ রোগে আক্রান্ত আব্বাস।
আরও পড়ুন-
মান্থ অব দ্য ডক্টর হলেন ডা. সাফিয়া খানম
চোখ হারিয়েছেন ২০ জন: ছানি অপারেশনে ব্যবহৃত ওষুধ দূষিত ছিল