খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করলেও তথ্য দিলো না মেডিক্যাল বোর্ড

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তার চিকিৎসা সংক্রান্ত তথ্য কারা কর্তৃপক্ষের কাছ থেকে নিতে গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের উপপরিচালক ডা. শাহ আলম তালুকদার এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে হাসপাতালের উপ পরিচালক ডা. শাহ আলম তালুকদারতিনি বলেন, ‘যেহেতু উনি (খালেদা জিয়া) আমাদের রোগী নন, তাই তার মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর তার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা (গণমাধ্যমকর্মী) কারা কর্তৃপক্ষের কাছ থেকে অবগত হওয়ার চেষ্টা করবেন।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সূত্র ধরে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের কাছে একটি চিঠি আসে জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘সেই চিঠিতে উনার (খালেদা জিয়া) চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের কথা বলা হয়। এর প্রেক্ষিতে আমরা ৪ সদস্যের বোর্ড গঠন করি। সদস্যরা গতকাল রবিবার কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। তার পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এখনও পৌঁছায়নি। তাই এ ব্যাপারে আমরা বিস্তারিত জানাতে পারছি না।’ 

আরও পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ নয়: মেডিক্যাল বোর্ড

গতকাল রবিবার দুপুর সোয়া ১টা থেকে প্রায় ১ ঘণ্টা বোর্ড সদস্যরা পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত বিশেষ মেডিক্যাল বোর্ডের সদস্য হলেন অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক মো. শামছুজ্জামান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক মনসুর হাবীব, মেডিসিন বিভাগের অধ্যাপক মো. টিটু মিয়া ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক সোহেলী রহমান।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই দিন থেকে তিনি রাজধানীর নাজিম উদ্দিন সড়কের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।