মির্জা ফখরুলের এনজিওগ্রাম সকালে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আগামীকাল মঙ্গলবার (৩ এপ্রিল)  সকাল নয়টায় তার এনজিওগ্রাম করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার সকাল ১০টার দিকে বুকে ব্যথা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পরে আমরা যে রিপোর্ট পেয়েছি সেগুলো সন্তোষজনক ছিল। এরপরে উনাকে আমরা কেবিনে শিফট করেছি। কালকে উনার এনজিওগ্রামের প্ল্যান করেছি। ডা. মমিনুজ্জামান তার এনজিওগ্রাম করাবেন। তার নেতৃত্বে সকাল নয়টা থেকে দশটার মধ্যে এনজিওগ্রামটি করা হবে। এরপরই তার পরবর্তী চিকিৎসা নির্ধারিত হবে।  তবে, এই মুহুর্তে তিনি সুস্থ আছেন এবং একদম আশঙ্কামুক্ত ও ভালো আছেন।
ইউনাইটেড হাসপাতালের তথ্য কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরেই ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করিয়ে থাকেন।  তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। আগের চেয়ে তার অবস্থা  ভালো।  তবে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আগামীকাল (মঙ্গলবার) ডা. মমিনুজ্জামান  তার রিপোর্টগুলো আবার দেখবেন। এরপর তার চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। 
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা ফয়সাল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি সুস্থ আছেন, ভালো আছেন। ডাক্তারদের অবজারভেশনে এখনও হাসপাতালেই আছেন। মঙ্গলবার সকাল ৯টায় চিকিৎসকরা তার এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছেন। তার জন্য সবাই দোয়া করবেন।’
তিনি জানান, ভাইয়ের পাশাপাশি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার মাও।