অধ্যক্ষ পরিবর্তন ঘিরে ঢাকা ডেণ্টাল কলেজে অচলাবস্থা

ঢাকা ডেন্টাল কলেজঅধ্যক্ষ পরিবর্তন ঘিরে ঢাকা ডেন্টাল কলেজে চলছে অচলাবস্থা। সংশ্লিস্টরা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগেও এ অচলাবস্থা  সম্পূর্ণ নিরসনে  হয়নি।

ঢাকা ডেন্টাল কলেজ সূত্র জানায়, সম্প্রতি কলেজের অধ্যক্ষ পরিবর্তন হয়। এনিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুটি গ্রুপ তৈরি হয়। গত সোমবার নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুলের কক্ষে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীদের একটি অংশ। রাতে ঘটনাস্থলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একজন উপসচিব ও একজন ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহায়তায় তারা তালা ভেঙ্গে অধ্যক্ষকে তার কক্ষ বুঝিয়ে দেয়। কক্ষ বুঝে পাওয়ার পর নতুন অধ্যক্ষ তার কক্ষে বসে দুই ঘন্টা অফিস করেন। এসময় একজন সেচ্ছসেবকলীগ নেতা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।  মঙ্গলবার সকালে নিজ কক্ষে প্রবেশ করতে গেলে আবারও তালা দেখতে পান অধ্যক্ষ।

এ প্রসঙ্গে নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বলেন, আমাকে রাতে অফিস কক্ষ বুঝিয়ে দেয়া হলেও সকালে গিয়ে সেখানে তালা দেখতে পাই।  কয়েকজন চিকিৎসকরে নেতৃত্বে কিছু শিক্ষার্থীকে ওই কক্ষের সামনে অবস্থান করতে দেখি। কক্ষে প্রবেশ করতে চাইলে তারা আমাকে বাধা দেয়। একারণে আমি আজও অফিস করতে পারিনি।

তিনি বলেন, আগামী ৫ অক্টোবর এমবিবিএস ভর্তি পরীক্ষা। ঢাকা ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র। কিন্তু অফিস কক্ষ অবরুদ্ধ থাকায় ভর্তি পরীক্ষার কাজ করা সম্ভব হচ্ছে না।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (মেডিকেল শিক্ষা) অধ্যাপক ডা. মো. আব্দুর রশিদ বলেন, সমস্যাটা আমরা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান হবে।