খালেদা জিয়া রায় শুনেছেন কিনা জানা নেই: বিএসএমএমইউ পরিচালক

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএসএমএমইউ পরিচালকবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রায়ের বিষয়ে কিছু জানেন কিনা তা জানেন না বলে জানিয়েছেন বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন। তবে তিনি জানিয়েছেন, চিকিৎসা পেয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে বিএসএমএমইউ’র পরিচালকের সম্মেলন কক্ষে এই তথ্য জানানো হয়।

মূলত খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানাতেই বিএসএমএমইউ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। কিন্তু, আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় চার আসামিসহ খালেদা জিয়া আবারও ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ পাওয়ায় কারাবন্দি অবস্থায় খালেদা জিয়া সে রায় জেনেছেন কিনা সংবাদ সম্মেলনে তা নিয়েই সাংবাদিকদের আগ্রহ ছিল বেশি। তবে বিষয়টি এড়িয়ে যান বিএসএমএমইউ’র পরিচালক। তিনি সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া রায়ের বিষয় কিছু জানেন কিনা তা আমার জানা নেই’।

মামলাটির রায় ছিল আজ, কিন্তু, খালেদা জিয়া কেন আদালতে যাননি সাংবাদিকরা তা জানতে চাইলে আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘খালেদা জিয়া আমাদের এখানে অসুস্থতা নিয়ে ভর্তি আছেন। এজন্য একটি মেডিক্যাল বোর্ড রয়েছে। সেই মেডিক্যাল বোর্ডই আজ খালেদা জিয়াকে কোর্টে যেতে নিষেধ করেছেন। তাই তিনি আজ কোর্টে যাননি।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘খালেদা জিয়ার নতুন করে চিকিৎসা শুরু করার কিছু নেই। আমরা তাকে প্রতিদিনই দেখছি। তিনি এখন ভালোই আছেন।’

তিনি আরও বলেন, ‘চলমান চিকিৎসার অংশ হিসেবে খালেদা জিয়ার লেফট হিপ জয়েন্টে সিটিস্ক্যান করা হয়েছে। এছাড়া মেরুদণ্ডে এক্সরে করা হয়েছে।’

আরও পড়ুন: খালেদা জিয়ার ৭ বছরের জেল