করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে ফিরলে ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার অনুরোধ

সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা (ফাইল ছবি)

এখন পর্যন্ত বিশ্বের ৫৪টি দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত কোনও দেশ থেকে কেউ কোনও লক্ষণ-উপসর্গ না নিয়ে দেশে ফিরলেও কয়েকদিন ঘরে থাকার অনুরোধ করেছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। রবিবার ( ১ মার্চ) কোভিড-১৯ নিয়ে আয়োজিত আইইডিসিআর-এর নিয়মিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ অনুরোধ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।

অধ্যাপক সেব্রিনা ফ্লোরা বলেন, আক্রান্ত দেশগুলো থেকে কেউ ফিরলে তারা যেন ‘হোম কোয়ানেন্টাইনে’ থাকেন, খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে যেন বের না হন। তিনি আরও বলেন, আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি, যারা বাইরে থেকে আসবেন, তারা বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে গাড়িতে মাস্ক ব্যবহার করবেন। সম্ভব হলে গণপরিবহনে না গিয়ে নিজস্ব যানবাহনে যাবেন। এ সময় পরিবহনের জানালা খোলা রাখবেন না। সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা অনুরোধ করছি, আপনারা অবশ্যই বাড়িতে অবস্থান করুন, জনসমাগম এড়িয়ে চলুন। যদি বাইরে যাওয়া খুবই দরকার হয়, তাহলে মাস্ক ব্যবহার করবেন।

বাংলাদেশে এখন পর্যন্ত ৮৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের কারও শরীরে এখনও কোভিড-১৯ এর জীবাণু পাওয়া যায়নি। তবে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ যেখানেই করোনা ভাইরাসের সংক্রমণ ঘটছে, সেখানেই তা দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে করোনা ভাইরাস প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে জানিয়ে তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব নয়।

সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশির শারীরিক অবস্থা সর্ম্পকে জানাতে গিয়ে তিনি বলেন, দুজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, আর দুজন বাড়ি ফেরার অপেক্ষায় আছেন। আর যিনি আইসিইউতে ছিলেন তিনি এখনও চিকিৎসাধীন। একইসঙ্গে যেসব দেশে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়েছে সেসব দেশ ভ্রমণ না করতে বাংলাদেশিদের পরামর্শ দিয়েছে আইইডিসিআর।