স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্ন, প্রতিদিন দেশে ফেরা হাজার হাজার লোককে কোথায় রাখবো?

1

প্রতিদিন দেশে ফেরা হাজার হাজার লোককে কোথায় রাখবো—বলে প্রশ্ন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া প্রতিদিন কত লোক দেশে ফিরছে তাও জানা নেই বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার (২১ মার্চ) মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিন  বিমানবন্দর, স্থলবন্দরের মাধ্যমে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ দেশে ঢুকছে, আমরা এই হাজার হাজার মানুষকে কোথায় রাখবো? সে জন্যই হোম কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে।’

তিনি বলেন, ‘যারা ইতোমধ্যে দেশে ফিরেছেন, তারা হোম কোয়ারেন্টিন ঠিকমতো মানছে না।কেউ কেউ কোয়ারেন্টিন মানছে না বলে পুলিশকে বলা হয়েছে তালাবদ্ধ করে রাখার জন্য, রাখাও হচ্ছে অনেককে।’ দেশে ফেরাদের নিয়ে আগে থেকে কেন চিন্তা ছিল না এবং এতে স্বাস্থ্যমন্ত্রণালয়ের কোনও দায় রয়েছে কীনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কেউ কাউকে দায়ী করছি না, করোনা ভাইরাস পৃথিবীতে ছড়িয়েছে, আমরা মোকাবিলার চেষ্টা করছি।’

হোম কোয়ারেন্টিনে থাকা মানুষদের হাতে সিল দেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘কোনও দেশ এটা করছে বলে আমাদেরকে দেখিয়েছে। আমরা মনে করলাম, আপাতত এটা করা যায়, সে অনুযায়ী কাজ এটা হচ্ছে। আর যে প্রস্তাব সম্ভব নয়, সে ধরনের প্রস্তাব দিলে কার্যকরী হবে না।’