বিদেশি নামী কোম্পানির প্যাকেটে নকল হ্যান্ড গ্লাভস প্যাকিং করার অপরাধে এএসএম ট্রেড্রার্স নামের একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ওষুধ প্রশাসন অধিদফতর। ওষুধ প্রশাসন অধিদফতরের সঙ্গে এসময় অভিযানে ছিল র্যাব-২।
সোমবার ( ১৩ এপ্রিল) রাতে রাজধানীর পান্থপথে এসএমএম ট্রেডিং কোম্পানিতে অভিযানটি পরিচালিত হয় বাংলা ট্রিবিউনকে জানান ওষুধ প্রশাসন অধিদফতরের ওষুধ পরিদর্শক নাহিন আল ইসলাম। তিনি বলেন, ওখানে বিদেশি নামী কোম্পানির প্যাকেটে প্যাকিং করা অবস্থায় হ্যান্ড গ্লাভস পাওয়া গেছে, আর কিছু ছিল খোলা।
তারা ওই কোম্পানির খালি প্যাকেটে হ্যান্ড গ্লাভসগুলো বাজারে বিক্রি করতো, লেখা থাকতো মেড ইন মালয়েশিয়া। আরও ছিল আন রেজিস্ট্রার্ড সিরিঞ্জ, যেগুলোর কোনওটারই ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতি নেই। দামও লেখা ছিল না প্যাকেটের গায়ে। যে কারণে ভোক্তা অধিকার আইন আর ওষুধ আইন অনুযায়ী প্রতিষ্ঠানের মালিককে দশ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে বলেও জানান নাহিন আল ইসলাম।